সচিবালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি
নারীদের মধ্যে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ স্তন ক্যানসার। এ রোগের প্রাথমিক শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্ক্রিনিং (শনাক্তকরণ) কর্মসূচি।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার লক্ষ্য স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত। এতে সরকারি মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গোপনীয় স্তন স্বাস্থ্য স্ক্রিনিং এবং পরামর্শের সুবিধা থাকবে। প্রাথমিক স্তন স্ব-পরীক্ষা সহজে বোঝানোর জন্য ডিজিটাল কিয়স্কে স্থানীয় ভাষায় অ্যানিমেটেড ভিডিও প্রদর্শিত হবে। সন্দেহজনক চাকা বা ফোলা অংশের ক্ষেত্রে দ্রুত মূল্যায়ন এবং আল্ট্রাসনোগ্রাফি স্ক্যান ও বিশেষজ্ঞ রেফারেলের ব্যবস্থা থাকবে।
এছাড়া, অন-সাইটে মেডিকেল পেশাদার এবং মহিলা নার্স কাউন্সেল দ্বারা সরাসরি প্রশ্নোত্তর ও ব্যক্তিগত পরামর্শ প্রদানের পাশাপাশি সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সচিবালয়ের কর্মীদের মধ্যে স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধি, পেশাদার পরিবেশে স্বাস্থ্য স্ক্রিনিং নিয়ে আলোচনা স্বাভাবিকীকরণ এবং ভবিষ্যতের জন্য টেকসই সচেতনতা মডেল তৈরি করা হবে।



















