সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা ও সিকোয়েন্সিংয়ের নীতিতে সহমত প্রকাশ করেছে আইএমএফ
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদল সম্মান জানিয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার মন্ত্রণালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনার এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে আইএমএফের সাথে বাংলাদেশের আগামী দিনের নতুন কর্মসূচির ভিত্তি, সিকোয়েন্সিং এবং নীতিমালার সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সাথে নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে তা পরিষ্কার করা হয়েছে এবং তারা এই প্রস্তাবিত ভিত্তিসমূহের ওপর সম্পূর্ণ একমত পোষণ করেছেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কোন সংস্কার কখন করা প্রয়োজন, সেই অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমান্বয়ে পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে। রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফ এই সিকোয়েন্সিংয়ের নীতিতে সায় দিয়েছে।
বর্তমান সরকারের চার মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে ট্যাক্স আদায়কে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইতিবাচক ধারা বজায় রেখে ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের প্রস্তাবনাসমূহ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
ভর্তুকি প্রসঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, এখনই সুনির্দিষ্ট কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি, মূলত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরি নিয়ে কথা হয়েছে। এই আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে। বর্তমান সরকারের সংস্কারমুখী পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আগামী দিনের নতুন প্রোগ্রাম চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।


















