সংসদকে তোষামোদের জায়গা না বানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর আহ্বান জামায়াত আমিরের
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কুচি কুচি করে কাটার প্রবণতা বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে হবে। সোমবারের অধিবেশনে তিনি কুচি কুচি করার রাজনৈতিক যন্ত্রটি ফেলে দিয়ে একটি সুন্দর ও চমৎকার সমন্বয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
জামায়াত আমির বর্তমান সংসদকে মজলুমের পার্লামেন্ট হিসেবে অভিহিত করে বলেন, এই সংসদ যেন এমন কোনো আচরণ না করে যা দেশের সাধারণ মানুষকে আহত করে। তিনি আশা প্রকাশ করেন যে, এই পার্লামেন্ট দায়িত্বশীল আচরণ করবে, জাতিকে স্বপ্ন দেখাবে এবং সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, সংসদে উপস্থিত সাংসদদের বেশিরভাগই নবীন এবং নবীনদের অধিকার থাকে প্রবীণদের কাছ থেকে ভালো কিছু শেখার। অতীতে সংসদে দাঁড়িয়ে কোনো ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান, কবিতা বা স্বপ্নবিলাস করা হয়েছে বলে সমালোচনা করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সংসদে এসব হওয়া উচিত নয়। সংসদ কোনো ব্যক্তিকে খুশি করার জন্য অন্যকে আঘাত করার বা তোষামোদের জায়গা নয়, বরং এটি দায়িত্ব পালনের জায়গা।



















