সংবিধান সংস্কারের গণভোটের রায় প্রত্যাখ্যান করে বিএনপি বেইমানি করেছে, হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্খা ছিল ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের। কিন্তু বিএনপি ক্ষমতার জোরে সেই গণভোটের রায়কে প্রত্যাখান করে জাতির সঙ্গে বেইমানি করেছে। গত বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ উল্লেখ করেন, দেশের ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয় বরং সম্পূর্ণ সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। জনগণের এই মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১টি দল সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন করে যাচ্ছে। সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে এই দাবি মানতে বাধ্য করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সৎ, দক্ষ ও যোগ্য লোকের অভাবে বাংলাদেশ আজ দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না, আর এই অভাব পূরণের মূল দায়িত্ব ছাত্রশিবিরকেই নিতে হবে। ছাত্রশিবিরের বিরুদ্ধে অতীতে অনেক অপপ্রচার করা হলেও আদর্শিক লক্ষ্য থেকে তাদের দূরে রাখা যায়নি উল্লেখ করে তিনি সংগঠনের কর্মীদের চরিত্র গঠন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফরিদপুরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ, আবু হারিচ মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব এবং জেলা কর্মপরিষদ সদস্যসহ ছাত্রশিবিরের শহর ও জেলার শীর্ষস্থানীয় নেতারা।



















