শ্রীনগরের দাচিগামে ‘অপারেশন মহাদেব’, নিহত ৩ জঙ্গি
জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ নামে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই তিনজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
নিহতদের পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনার চিনার কোর কমান্ড। তাদের দাবি, নিহত তিনজনই পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (LeT)-এর সদস্য। তাদের মধ্যে সুলেমান নামের এক জঙ্গিকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি দুজন হলেন আবু হামজা ও ইয়াসির।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সুলেমান। তবে এ সংক্রান্ত তথ্য সেনা বা পুলিশ সূত্র নিশ্চিত করেনি।
ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে জানা গেছে, সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে অন্তত ১৫০ জন সশস্ত্র জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে এবং তারা দাচিগাম জঙ্গলে গা ঢাকা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে যৌথ বাহিনীর পক্ষ থেকে আজ সোমবার সকাল ১১টা থেকে ‘অপারেশন মহাদেব’ শুরু করা হয়।
চলমান অভিযানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং আরও সন্ত্রাসী ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনার কথা জানিয়েছে সেনা কর্মকর্তারা। দাচিগামের গভীর অরণ্যজুড়ে এখন টানা অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পাকিস্তান-ভারত উত্তেজনায়ও প্রভাব ফেলতে পারে।



















