শ্রম খাতের আধুনিকায়নে আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে সার্বিক সহযোগিতা নিয়ে বিষদ আলোচনা হয়।
বৈঠকে শ্রমমন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, শ্রম (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়নের পাশাপাশি এ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আইএলও-র ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থন করেছে। এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে নতুন ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা ও বিদেশে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ওপর জোর দেন মন্ত্রী।
আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশের নতুন শ্রম আইন ও ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের ভূয়সী প্রশংসা করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমুখী ভাবধারার প্রতি শ্রদ্ধা জানান এবং ইপিজেডসহ সকল কর্মক্ষেত্রে শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষায় আইএলও-র কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে আইএলও-র ধারা ২৬ এর অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়। আলোচনা পর্বে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, আইএলও-র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


















