শোরগোল ও বুলেট সামলাতে না পারলে আর্সেনাল ছেড়ে যেতে বললেন আর্তেতা
শিরোপার লড়াইয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে আর্সেনাল। শেষ সাতটি লিগ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে দলটি। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে। হাতে এখনো ১১টি ম্যাচ বাকি, আর শীর্ষ দুই দলের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের দৃঢ় মানসিকতার পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
শিরোপা প্রত্যাশী ফুটবলারদের উদ্দেশ্যে আর্তেতা বলেন, প্রিমিয়ার লিগ জিততে হলে ‘শোরগোল’ এবং ‘বুলেট’ সামলানোর মানসিকতা থাকতে হবে। তা না পারলে অন্য কোনো ক্লাবে যাওয়ার পরামর্শও দেন তিনি। তার মতে, বড় মঞ্চে খেলতে চাইলে চাপ ও সমালোচনাকে স্বাভাবিকভাবে নিতে হবে।
টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স-এর বিপক্ষে দুই গোলের লিড হারিয়ে ড্র করে আর্সেনাল। শিরোপার দৌড়ে টিকে থাকতে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার-এর মুখোমুখি হচ্ছে তারা। উত্তর লন্ডনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষে থেকেই মাঠে নামবে আর্সেনাল।
গত তিন মৌসুমে রানার্সআপ হয়ে লিগ শেষ করেছে আর্সেনাল। উলভসের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর দলটিকে ‘বটলার’ আখ্যা দেওয়া হচ্ছে, অর্থাৎ শেষ মুহূর্তে ছন্দ হারানো দল হিসেবে সমালোচনা হচ্ছে। তবে আর্তেতা এসব মন্তব্যকে গুরুত্ব দেননি।
বাইরের সমালোচনা খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করছে কি না— এমন প্রশ্নে আর্তেতা বলেন, খেলোয়াড়দের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই শোরগোলের অংশ হতে চায় কি না। তিনি মানসিকভাবে শক্ত ফুটবলার চান, যারা ক্লাবের লক্ষ্য পূরণে অটল থাকবে।
সাংবাদিকদের তিনি বলেন, সমালোচনা ও গুঞ্জন ফুটবলেরই অংশ। এগুলোকে সঠিকভাবে সামলাতে পারলেই লক্ষ্য অর্জন সম্ভব। তার মতে, শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী ম্যাচ জেতা। সেটিই দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র বাস্তবতা এবং সেটিতেই মনোযোগ দিতে হবে।
















