শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য ঘিরে ভারতীয় হাইকমিশনারের কাছে সহযোগিতা চাইল বাংলাদেশ
পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামী ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরের পটভূমিতে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে জরুরি আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি এই প্রসঙ্গটি গুরুত্বের সাথে উঠে আসে।
আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন যে, পলাতক শেখ হাসিনাসহ বাংলাদেশে কার্যক্রম-নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাতে না পারে। তিনি সতর্ক করে বলেন, এ জাতীয় পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী বিদ্যমান সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই এক্ষেত্রে তিনি দিল্লির দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশা করেন।
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার কথা জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, গভীর আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে যৌথ আশাবাদ প্রকাশ করা হয়।
তাছাড়া নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর উভয়পক্ষই বিশেষ জোর দিয়েছে। পারস্পরিক আস্থা ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে বিরাজমান সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলেও বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়।


















