শেখ হাসিনার রায়কে দুর্নীতিবাজদের জন্য সতর্ক সংকেত বলে মন্তব্য দুদক চেয়ারম্যানের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় দুর্নীতিবাজদের জন্য একটি সতর্ক সংকেত। বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় একটি যুগান্তকারী ঘটনা। মামলার রায়ে দুদক সন্তুষ্ট কি-না, এমন এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রায়ের কপি এখনও দুদকের হাতে পৌঁছায়নি। রায়ের কপি দেখে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। চলতি বছরের ১৪ জানুয়ারি দুদক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিযোগ আনা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া।
মামলায় আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিক।


















