শেখ মুজিবুর রহমান ভোট কারচুপির মাধ্যমে গণতান্ত্রিক চর্চা ধ্বংস করেছিলেন ডা. জাহেদ উর রহমান
পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য অবদান থাকলেও স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাকে তিনিই ধ্বংস করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের ‘তিয়াত্তরের নির্বাচন : ভোটচুরির আওয়ামী মডেলের সূচনা’ শীর্ষক পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, তিয়াত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের পরাজয়ের বিন্দুমাত্র সম্ভাবনা না থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে কারচুপি করেছিলেন। অন্যদিকে পরবর্তীতে শেখ হাসিনা জানতেন নিরপেক্ষ নির্বাচন হলে তাঁর সরকারের পরাজয় নিশ্চিত, যে কারণে তিনি ক্ষমতা কুক্ষিগত করতে নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেন। অথচ শেখ মুজিব নিশ্চিত জয়ী হবেন জেনেও স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনটাকেই নষ্ট করেছিলেন।
নির্বাচনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিলে সাধারণ নাগরিকের প্রতিবাদ করার বা নিজেদের অধিকার প্রকাশের আর কোনো জায়গা থাকে না। অনেকেই বিএনপিকে নিয়ে সমালোচনা করে বলে দলটি কেবল নির্বাচন নির্বাচন করে, কিন্তু এ ধরনের কথা বলে মূলত জনগণের ভোটাধিকারকেই অস্বীকার করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সংসদ সদস্য মাহমুদা হাবীবা জাতীয় ঐকমত্য প্রসঙ্গে বলেন, ‘নোট অব ডিসেন্ট’ বা দ্বিমত পোষণকারী বিষয়গুলো বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল, যা মূলত পরবর্তী সময়ে জনগণের ভোটে নির্বাচিত সংসদকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বেঁধে দিতে চেয়েছিল। সেমিনারে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান ও গবেষক মাহমুদা হাবীবা প্রমুখ।



















