শীতের আগমনে রাজধানীর সবজির দাম কমতে শুরু করেছে
বিগত চার মাসের বেশি সময় ধরে দামের উচ্চগতি থাকার পর এবার সবজির দাম কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা নিয়ে বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ শুরু হওয়ায় দাম কমার প্রবণতা দেখা দিয়েছে। বিক্রেতারা মনে করছেন, শীত কড়া হলে সবজির দাম আরও কমে যাবে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কমেছে। আজকের বাজারে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বরবটি ৬০ টাকায়, করলা ৬০ টাকায়, শসা ৫০ টাকায়, দেশি গাজর ৮০ টাকায়, কাঁচা মরিচ ১৬০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকায় এবং টমেটো ১২০ টাকায়।
চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৪০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা এবং কঁচুর লতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কঁচু ৫০ টাকা, ফুল কপি (ছোট) ৫০ টাকা, জালি ৪০ টাকা, আলু ২৫ টাকা এবং বাঁধা কপি (ছোট) ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলম সরদার বলেন, “গত চার মাস ধরে সবজির দাম অত্যধিক বেশি ছিল। সাধারণ ক্রেতারা ঠিকমতো সবজি কিনতে পারছিল না। তবে গত সপ্তাহ থেকে দাম কমতে শুরু করেছে। এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে, যা আগে ছিল ৮০ থেকে ১২০ টাকার মধ্যে।”
রামপুরা বাজারের সবজি বিক্রেতা আজিজুল হক জানান, “আজ বাজারে সবজির দাম তুলনামূলক কম। দাম কম হওয়ায় বিক্রিও বেড়েছে। শীত আসার প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে সবজির দাম আরও কমে যাবে।”



















