সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:২৫

শিশু সুরক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর ডিজাইনের দায়ে গুগল ও মেটাকে জরিমানা

প্রতিবেদক
staffreporter
মার্চ ২৬, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
শিশু সুরক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর ডিজাইনের দায়ে গুগল ও মেটাকে জরিমানা

শিশু সুরক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর ডিজাইনের দায়ে গুগল ও মেটাকে জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমের ডিজাইন শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগল ও মেটাকে দায়ী করে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। রায়ে মেটাকে ৪.২ মিলিয়ন ডলার এবং গুগলকে ১.৮ মিলিয়ন ডলারসহ মোট ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। আদালত জানিয়েছে, এই দুই প্রতিষ্ঠান তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করেছে যা তরুণ ব্যবহারকারীদের আসক্ত ও ক্ষতিগ্রস্ত করতে পারে।

মামলাটি করেছিলেন এক তরুণী, যিনি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ইউটিউব ও ইনস্টাগ্রামের ‘ইনফিনিট স্ক্রল’সহ বিভিন্ন ফিচারের কারণে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। জুরি বোর্ড মনে করে, এই ধরনের ডিজাইন ব্যবহারকারীদের আচরণকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং এর ঝুঁকি সম্পর্কে প্রতিষ্ঠানগুলো যথাযথ সতর্কতা দেয়নি। ফলে অবহেলার দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে হাজারো মামলার জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইনে সাধারণত ব্যবহারকারীর তৈরি কনটেন্টের জন্য কোম্পানিগুলো সরাসরি দায়ী হয় না, তবে এই মামলায় প্ল্যাটফর্মের কাঠামোগত ত্রুটিকে ক্ষতির কারণ হিসেবে দেখানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এবং শিশুদের সুরক্ষায় কঠোর নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখবে। যদিও গুগল ও মেটা এই রায়ের সঙ্গে একমত পোষণ না করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য যে, একই অভিযোগে অভিযুক্ত স্ন্যাপ ও টিকটক শুরুতেই সমঝোতায় পৌঁছানোয় তাদের বিচার প্রক্রিয়ায় অংশ নিতে হয়নি। গত এক দশকে যুক্তরাষ্ট্রে শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে যে বিতর্ক চলছে, এই রায় তাতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাধ্য হতে হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত