শিল্পকলা একাডেমিতে কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক সংগীতের বিশেষ আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক শাস্ত্রীয় সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘“বেণুকা”- রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলা গানের পরিসরে শাস্ত্রীয় সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের সৌন্দর্যকে নজরুল যেভাবে স্বকীয় নান্দনিকতায় ফুটিয়ে তুলেছেন, সেটিকেই উদযাপন করা এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে একটি বিশেষ আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা, ছন্দ ও সুরের এই নান্দনিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের হৃদয় ছোঁয়ার পাশাপাশি কবি নজরুলের সংগীতের ধ্রুপদি ও রাগভিত্তিক বৈশিষ্ট্যকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে ভূমিকা রাখবে।



















