শিক্ষিত মা সমৃদ্ধ জাতির মূল ভিত্তি: বদরগঞ্জে এটিএম আজহারুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, প্রত্যেক মা শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত ও সমৃদ্ধশালী হয়। বদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মায়েদের উদ্দেশ্যে তাঁদের মেয়েদের পড়ালেখার সুযোগ দেওয়ার অনুরোধ জানান, যাতে তারা মেধার বিকাশ ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রে অবদান রাখতে পারে।
তিনি উল্লেখ করেন, দেশের এই অঞ্চলে শিক্ষার হার ও আগ্রহ তুলনামূলক কম, তাই এই চিন্তাভাবনা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ফলাফল মেধা বিকাশের একটি শুরু মাত্র। এটি ধরে রেখে কর্মজীবনে ভালো ফলাফলের মাধ্যমে সমাজকে কিছু দিতে পারলেই প্রকৃত মেধার সার্থকতা আসবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জিরো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদানের আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বদরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে পরিচালিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে তিনি একটি ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।


















