শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকে বদলি স্থগিত
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৪ হাজার নতুন শিক্ষকের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন। আজ থেকেই এটি কার্যকর হবে উল্লেখ করে তিনি জানান, নতুন শিক্ষকদের পদায়ন শেষে বদলি কার্যক্রম পুনরায় চালু হবে এবং প্রয়োজনে নীতিমালাতেও পরিবর্তন আনা হতে পারে।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের নানা দিক তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী বছর থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির সুবিধা আরও সহজ ও অর্থভিত্তিক করার দিকে নজর দেওয়া হচ্ছে। ঝরে পড়া এবং শিক্ষা বঞ্চিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের মূলধারায় ফিরিয়ে আনতে উপানুষ্ঠানিক ও কর্মমুখী শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সাংবিধানিক অধিকার স্মরণ করিয়ে ববি হাজ্জাজ বলেন, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭৮.৯৮ শতাংশে উন্নীত হওয়া আশাব্যঞ্জক হলেও প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং জ্ঞান, প্রযুক্তি, নৈতিকতা ও কর্মদক্ষতায় সমৃদ্ধ নাগরিক তৈরির মাধ্যমেই দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নেওয়া সম্ভব। সর্বজনীন ও মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের উন্নয়ন দর্শনের মূল অগ্রাধিকার।



















