শাহরুখ খান প্রথমবার বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিলেন
বলিউডের কিং শাহরুখ খান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের মাধ্যমে এবার নতুন এক গৌরব অর্জন করলেন। ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি তিনি প্রথমবারের মতো প্রবেশ করলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।
সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এ শাহরুখ খানের সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা। প্রায় ৩৩ বছরের ক্যারিয়ারে বলিউড বাদশা হিসেবে পরিচিত এই অভিনেতা এত বিপুল সম্পদ অর্জন করে প্রথমবারের মতো বিলিয়নিয়ারদের তালিকায় নাম তুললেন।
সম্পদের দিক থেকে শাহরুখ খান আন্তর্জাতিক অঙ্গনের অনেক জনপ্রিয় তারকাকেও পেছনে ফেলেছেন। তালিকায় তার নিচে রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।
ভারতের তারকাদের মধ্যে সম্পদের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।
শাহরুখ খানের আয় কেবল অভিনয় থেকে সীমাবদ্ধ নয়। তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ভিএফএক্স স্টুডিও, নাইট রাইডার্স স্পোর্টসসহ একাধিক ক্রিকেট দলে অংশীদারিত্ব এবং পশ্চিম এশিয়ায় বিপুল স্থাবর সম্পত্তি তার সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এভাবেই তিনি বলিউডের গণ্ডি পেরিয়ে বিশ্ব ধনী তারকাদের কাতারে যোগ দিলেন।


















