শান্তিনিকেতনে শুটিং চলাকালীন এক বাসিন্দার সঙ্গে দেহরক্ষীর হেনস্তার অভিযোগ
শান্তিনিকেতনের রাস্তায় সিনেমার শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা অরিজিৎ সিংয়ের এক দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন। ক্ষুব্ধ কমলাকান্ত লাহা শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সময় অরিজিৎ সিং তার সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শান্তিনিকেতনের তালতোড় এলাকায় শুটিং চলছিল। পুলিশের অনুমতি নিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছিল। কমলাকান্ত লাহা বাইকে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রথমে তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয়, যা তিনি মেনে নেন।
কিন্তু ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পরও রাস্তা খোলা না হওয়ায় তিনি এগোতে চেয়েছিলেন। এ সময় অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা তাকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলেন। প্রতিবাদ করলে একজন দেহরক্ষী তাকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেন। অভিযোগে বলা হয়েছে, এই সময় তার হাতের একটি আংটিও হারিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর কমলাকান্ত লাহা দেহরক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। এ নিয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিং বা তার নিরাপত্তা দল থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদীপ বিষয়টি খতিয়ে দেখছেন।



















