শাওমি রেডমি ১৫সি বাজারে, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির আকর্ষণ
বাংলাদেশের বাজারে এসেছে নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি। ‘সময় এখন আমার’ ট্যাগলাইনে আনা এই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬ দশমিক ৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে। শাওমির দাবি, এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় স্ক্রিন, ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা ডিজিটাল কনটেন্ট উপভোগ আরও হবে স্পষ্ট ও আনন্দদায়ক। ডট ড্রপ ডিসপ্লেটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট, যা দ্রুত স্ক্রল বা গেম খেলার সময় ভিজ্যুয়ালকে রাখবে স্মুদ ও পরিষ্কার। এছাড়া আলো অনুযায়ী স্ক্রিনের উজ্জ্বলতা অটোমেটিক বাড়ানো–কমানোর সুবিধাও থাকছে এতে। চোখের সুরক্ষার জন্য ডিসপ্লে পেয়েছে টিইউভি রেইনল্যান্ডের তিনটি আন্তর্জাতিক সার্টিফিকেট—লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি।
ব্যাটারি ও চার্জিং সুবিধার দিক থেকেও শাওমি রেডমি ১৫সি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ৩৩ ওয়াট টার্বো চার্জারের মাধ্যমে মাত্র ৩১ মিনিটেই ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। এছাড়া ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ফোনটি পাওয়ারব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
ক্যামেরার ক্ষেত্রেও ডিভাইসটি আকর্ষণীয়। এতে থাকছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি আনার মাধ্যমে বিনোদনপ্রেমী ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে শাওমি।
শাওমি রেডমি ১৫সি পাওয়া যাচ্ছে তিনটি রঙে—মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৭,৪৯৯ টাকায়।


















