শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামির ভিডিওবার্তা যাচাই করছে ডিএমপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ভিডিওবার্তাটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ভিডিওটি যাচাই শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসবির মাধ্যমে জীবনের ঝুঁকি যাচাই করে গানম্যান বা প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে। তবে পুলিশের জনবল ও সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং নির্বাচনের সার্বিক শৃঙ্খলা রক্ষা করাই বর্তমানে পুলিশের প্রধান অগ্রাধিকার। তাই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সবদিকে ভারসাম্য বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে ডিএমপি।



















