লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল
লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন জানিয়েছেন, এই স্বীকৃতি ইসরায়েল নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে নয়, নেতানিয়াহুর সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছি, কারণ তা আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলার পরিপন্থি।”
লুক্সেমবার্গের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দুটি দেশ ও দুটি জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। ফ্রাইডেন বলেন, ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যতের আশা জাগানো এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি দ্বি-রাষ্ট্র সমাধানকেই একমাত্র সম্ভাব্য পথ হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী আরও সতর্ক করে বলেন, যদি গাজায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত হয় এবং যুদ্ধবিরতি না থাকে, তবে ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে পারে।
এর আগে, রোববার অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। চলমান ইসরায়েলি হামলার কারণে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত হয়েছেন ৬৫,৩০০ এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।
সূত্র: আনাদোলু বার্তা সংস্থা



















