লিটনের হাতেই নতুন ইতিহাস, মুশফিককে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে মুশফিকুর রহিমের সামনে রয়েছে শততম টেস্ট খেলার ঐতিহাসিক সুযোগ। তবে সিরিজের প্রথম টেস্টেই মুশফিককে ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়েছেন লিটন দাস।
আইরিশদের বিপক্ষে সিলেটে চলমান প্রথম টেস্টের প্রথম দিন দুটি স্টাম্পিং করেন লিটন। এর মাধ্যমে তিনি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭টি স্টাম্পিংয়ের মালিক হয়েছেন। এতদিন পর্যন্ত লিটন ও মুশফিক যৌথভাবে শীর্ষে ছিলেন ১৫টি স্টাম্পিং নিয়ে। কিন্তু আজকের দুই স্টাম্পিংয়ে লিটন একাই এখন এই তালিকার শীর্ষে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিককে ছুঁয়েছিলেন লিটন। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। যদিও সারাদিনে সরাসরি আর কোনো উইকেটে তার ভূমিকা ছিল না। তিন ফরম্যাট মিলিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বাধিক স্টাম্পিং মুশফিকুর রহিমের—মোট ১০১টি। তবে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় উইকেটের পেছনে এখন তার সুযোগ অনেক কম, বিশেষ করে লিটন দাসের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে।
সব সংস্করণ মিলিয়ে মুশফিকের পরেই আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যার স্টাম্পিং সংখ্যা ৪৪। লিটনের বর্তমান সংখ্যা ৩৪, যা তাকে তৃতীয় স্থানে রেখেছে।
বিশ্ব ক্রিকেটে কেবল টেস্টে সর্বোচ্চ ৫২টি স্টাম্পিং করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক বার্ট ওল্ডফিল্ড। আর তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ডটি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (১৯৫)। এরপর রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানা (১০১)। চতুর্থ স্থানে এখন বাংলাদেশের মুশফিকুর রহিম।
শুধু স্টাম্পিং নয়, টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের (স্টাম্পিং+ক্যাচ) রেকর্ডও এখন লিটনের দখলে। ৫১ টেস্টে তার ডিসমিসাল সংখ্যা ১১৬, যা মুশফিকের ১১৩ ডিসমিসালকে ছাড়িয়ে গেছে। সব সংস্করণ মিলিয়ে অবশ্য মুশফিক এখনও ধরাছোঁয়ার বাইরে—৪৭২ ডিসমিসাল নিয়ে তিনি এখনো বাংলাদেশের ইতিহাসের সেরা উইকেটরক্ষক। তার পরে আছেন পাইলট (২১৩) ও লিটন দাস (১৯২)।



















