লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কায় পর্ষদ সভার বিশেষ অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে পরিচালনা পর্ষদ সভা করার বিশেষ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পানিটি এখন পর্ষদ সভা করে বকেয়া আর্থিক প্রতিবেদন প্রকাশ করার পাশাপাশি সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারবে। রোববার বিএসইসি থেকে এই বিশেষ অনুমোদন দেওয়া হয়, যা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
বিশেষ অনুমোদন পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে মঙ্গলবার বিকেলে পর্ষদ সভা আহ্বান করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি চলতি হিসাব বছরের তিনটি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশও ঘোষণা করতে পারবে বলে জানা গেছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় গত ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) লেনদেন স্থগিত রয়েছে। এআইএমের বিধান অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন টানা ৬ মাস বন্ধ থাকলে তার তালিকাভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতিতে লন্ডনের ৬ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের কাছে বিশেষ ব্যবস্থায় পর্ষদ সভার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন, যার প্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হলো।
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানিয়েছিল, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী সময়মতো প্রতিবেদন দাখিল করতে না পারায় গত ২ জানুয়ারি থেকে লন্ডনের বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ রয়েছে। সেই তালিকাভুক্তি বাতিলের চূড়ান্ত ঝুঁকি এড়াতেই এখন জরুরি ভিত্তিতে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।



















