রোহিত শেট্টির বাড়িতে গুলি, গ্রেপ্তার আরও ৬, মোট আটক ১১
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। তার জুহুর বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অপরাধদমন শাখা। রাজস্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর ওই ছয় অভিযুক্তকে রাজস্থান থেকে মুম্বইয়ে আনা হচ্ছে। সেখানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে একই ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সব মিলিয়ে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকত নামে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই পাঁচজন সরাসরি গুলি চালনার সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি ভোররাতে যখন চারপাশ নিস্তব্ধ, তখনই রোহিত শেট্টির জুহুর বাড়ির সামনে ৪ থেকে ৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। শব্দ পেয়ে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
বলিউডের অন্যতম সফল এই পরিচালকের ঝুলিতে রয়েছে গোলমাল সিরিজ, সিংহাম, দিলওয়ালে এবং চেন্নাই এক্সপ্রেস–এর মতো ব্লকবাস্টার সিনেমা। বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের জন্য ভক্তদের কাছে তিনি ‘হিট মেকার’ নামেও পরিচিত।



















