রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে রাশিয়া থেকে ঢাকার পথে বিশেষ বিমান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে একটি বিশেষ বিমান রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী এই বিমানটির রাজধানী ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, রাশিয়া থেকে যাত্রা শুরু করা বিমানটি ভারতের একটি বিমানবন্দরে সাময়িক বিরতি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটি পৌঁছানোর পর নিরাপদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চালানটি পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান আসার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালে প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম আনা হয়েছিল, যা চলতি বছরের মে মাসে পারমাণবিক চুল্লিতে সফলভাবে স্থাপন করা হয়।


















