রুটিন চেকআপে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, শারীরিক অবস্থা স্থিতিশীল
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যিনি ৮৯ বছর বয়সেও অভিনয়ে সক্রিয়, সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ইক্কিস’ চলচ্চিত্রের ঝলকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করার মাত্র দু’দিন পরই এই খবর আসে।
তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্র এবং বলিউড সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্বেগের কোনো কারণ নেই। ধর্মেন্দ্রকে মূলত বার্ধক্যজনিত রুটিন স্বাস্থ্য পরীক্ষা বা নিয়মিত চেকআপের অংশ হিসেবেই হাসপাতালে নেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং তিনি ভালো আছেন। চিকিৎসা শেষেই তাকে দ্রুত বাসায় ফেরানো হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত এপ্রিল মাসেও তার চোখে একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া প্রায় এক সপ্তাহ আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যও হাসপাতালে গিয়েছিলেন তিনি।
ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল বাবার পাশে থেকে পালাক্রমে তার যত্ন নিচ্ছেন বলে জানা গেছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ইক্কিস’-এ তার পারফরম্যান্স নিয়ে দর্শক ও সমালোচকরা প্রশংসায় ভাসাচ্ছেন এই প্রবীণ অভিনেতাকে, যিনি দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন।



















