রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত ও ১১৪ জন নিখোঁজ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর অন্তত ১১ জন নাগরিক নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১১৪ জন। সম্প্রতি পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিবৃতিতে এ ভয়াবহ ও উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত পেরুর ৪৫৯ জন নাগরিক রুশ বাহিনীর হয়ে সংঘাতময় এলাকায় অংশ নিয়েছেন। নিহত ও নিখোঁজদের পাশাপাশি ৩ জন ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দি রয়েছেন এবং সরকারি পদক্ষেপে এখন পর্যন্ত ৩১ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিবৃতিতে নাগরিকদের ভুয়া চাকরির প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার কঠোর পরামর্শ দিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, বিদেশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার লোভনীয় সুযোগের নামে মূলত মানবপাচারকারী চক্রগুলো নাগরিকদের ফাঁদে ফেলছে। নাগরিকরা যেন বিদেশি কোনো বাহিনীতে যোগ দেওয়ার আগে সরকারি অনুমোদন নেন এবং পাচারকারীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন।
এদিকে পেরুর স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, নিখোঁজ ও আহত সৈনিকদের স্বজনরা অবস্থান সম্পর্কে তথ্য জানা এবং তাদের দেশে ফিরিয়ে আনার দাবিতে লিমায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। স্বজনদের দাবি, নিহতের আসল সংখ্যা দেড় শতাধিক হলেও তা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি।



















