রাফসান–জেফার সম্পর্ক নিয়ে দীর্ঘ গুঞ্জনের অবসান
রাফসানের সংসারে ভাঙনের খবর প্রকাশের পর থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সংগীতশিল্পী জেফার রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জেফারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাফসানের সাজানো সংসারে ফাটল ধরেছে। বিচ্ছেদের ঘোষণা আসার পর পরিস্থিতি আরও আলোচনায় আসে, কারণ তখন থেকেই রাফসান ও জেফারকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেতে থাকে।
বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের পেরি পেরি ফুডশপে তাদের একান্ত সময় কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সময় বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা হলেও রাফসান কিংবা জেফার— কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং পুরো বিষয়টি নিয়ে তারা নীরবতাই বজায় রেখেছিলেন।
এরপর ভক্ত-অনুরাগীদের রসিকতা থেকে শুরু করে নানা সমালোচনা— সব মিলিয়ে রাফসান ও জেফারকে নিয়ে আলোচনা থামেনি। প্রায় দুই বছর ধরে চলা নানা বিতর্ক, জল্পনা ও ব্যাখ্যার পর অবশেষে পরিস্থিতি পরিষ্কার হতে শুরু করেছে। যে সম্পর্ককে এতদিন প্রকাশ্যে অস্বীকার করা হয়েছিল, সময়ের ব্যবধানে সেটিই এখন নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে ইঙ্গিত মিলছে।



















