রাজধানীর সবজির বাজারে শীতের আগমনী বার্তা, দাম কিছুটা কমেছে
ষ্টির প্রভাবে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে থাকা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা টোকা দিচ্ছে রাজধানীর সবজির বাজারে।
আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩০ টাকায়। তবে বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম এখনো ৮০ টাকার ঘরে রয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পটল প্রতি কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, আলু ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, নতুন শালগম ১০০ টাকা।
এছাড়া বেগুন ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুল কপি ৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচু ৬০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে মগবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা বলেন, বিগত কয়েক মাস সবজির দাম অনেক বেশি ছিল। গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেছে, যদিও আজ আবার কিছু কিছু সবজির দাম বেড়ে ৮০ টাকায় পৌঁছেছে। তবে আগের তুলনায় সবজির দাম এখন অনেকটা কমেছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন জানান, গত সপ্তাহে সবজির দাম অনেকটাই কমেছিল, কিন্তু বৃষ্টির কারণে কিছু সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় আবার কিছু সবজির দাম বেড়েছে। তিনি আশ্বস্ত করেন, শীত আসার সঙ্গে সঙ্গে বাজারে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম কমতে থাকবে।



















