রাজধানীতে নববর্ষের নিরাপত্তা নিশ্চিতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন উপলক্ষে রাজধানী ঢাকার জননিরাপত্তা নিশ্চিতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বিঘ্নে উৎসব উদ্যাপন নিশ্চিত করাই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রমনার বটমূল ও এর আশপাশের এলাকা, শাহবাগ জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবর। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটের মতো জনবহুল এলাকাগুলোতেও বিজিবির কড়া নজরদারি রয়েছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। বিজিবির পক্ষ থেকে সব নাগরিককে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মূলত রমনা বটমূলে ছায়ানটের আয়োজনস্থল এবং এর পার্শ্ববর্তী রমনামঞ্চকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


















