রণবীর সিংয়ের ধুরন্ধরকে টেক্কা দিয়ে অস্কারের দৌড়ে ছোট বাজেটের মারাঠি সিনেমা গোনধল
রণবীর সিংয়ের তারকাবহুল ‘ধুরন্ধর’ কিংবা ‘বর্ডার ২’-এর মতো আলোচিত ও বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোকে পেছনে ফেলে ৯৯তম অস্কার অ্যাওয়ার্ডসে (অস্কার ২০২৭) ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে স্থান করে নিয়েছে ছোট বাজেটের মারাঠি সিনেমা ‘গোনধল’। দেশটির মোট ৩৩টি সিনেমাকে টেক্কা দিয়ে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার (এফএফআই) জুরি বোর্ড এই সিনেমাটিকে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সন্তোষ দেবাকর পরিচালিত মাত্র ৫ কোটি রুপি খরচে তৈরি এই সিনেমাটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও এর গভীর নান্দনিকতা ও গল্প বলার শৈলী সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
বাণিজ্যিক সাফল্য বাদ দিয়ে কেন এই সিনেমাটিকে বেছে নেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে গিয়ে জুরি বোর্ডের সদস্য বিবেক ভাসওয়ানি জানান যে অস্কারের জন্য প্রয়োজনীয় মৌলিকত্ব ও নান্দনিকতা ‘ধুরন্ধর’-এর মতো সিনেমাগুলোতে অনুপস্থিত ছিল। ১৪ সদস্যের জুরি বোর্ডে ধুরন্ধরের পক্ষে মাত্র ৪টি ভোট পড়ে। বিপরীতে ‘গোনধল’ ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ এবং ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক ‘ফিপ্রেসকি’ পুরস্কার অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে। নির্মাতার মতে, সাংস্কৃতিক বৈচিত্র্যময় ভারতকে বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরাই ছিল এই চলচ্চিত্রটির মূল লক্ষ্য।
১১৭ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার মূল বিশেষত্ব হলো এর আবহমান গ্রামীণ প্রেক্ষাপট, যা মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী রাতভর লোকজ আচার ‘গোনধল’-এর পটভূমিতে নির্মিত। দেব-বন্দনা, নৃত্য ও সংগীতের আবহে সেই বিশেষ রাতের পটভূমিতে আবর্তিত হয়েছে ভালোবাসা, ছলনা ও অস্তিত্ব রক্ষার এক জটিল গল্প। অস্কারে প্রতিনিধিত্ব করা চতুর্থ মারাঠি সিনেমা হিসেবে এটি ইতিহাস গড়েছে। ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অস্কার আসরকে সামনে রেখে আগামী ৯ অক্টোবর থেকে ভারতের প্রধান শহরগুলোতে সিনেমাটির বিশেষ ‘পেইড প্রিভিউ’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।



















