রণবীর-আলিয়ার স্বপ্নের বিলাসবহুল বাংলো অবশেষে প্রস্তুত
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সম্পূর্ণ হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত স্বপ্নের বাংলো। কন্যা রাহার জন্মের পর থেকেই তারা ঠিক করেছিলেন, তাকে উপহার দেবেন এক বিলাসবহুল রাজপ্রাসাদসম বাড়ি। প্রায় দুই বছর ধরে কাজ চলার পর ছয়তলা বিশাল এই বহুতল বাড়ি দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ রূপে, যার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই বাংলোটি নির্মিত হয়েছে সেই জমির উপর, যা একসময় রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ছিল। পরবর্তীতে ঋষি কাপুর ও নীতু কাপুরের অধীনে আসে জমিটি। মৃত্যুর আগে ঋষি কাপুর এই জমি দিয়ে যান তার একমাত্র ছেলে রণবীর কাপুরকে। আর সেই জমির উপরই রণবীর ও আলিয়া নির্মাণ করেছেন নতুন বাংলো, যা ইতোমধ্যেই কন্যা রাহার নামে নিবন্ধন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, এই ছয়তলা বাংলোটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। প্রতিটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানসহ প্রশস্ত বারান্দা। বাড়িটির ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর, আর টপ ফ্লোরে নির্মাণ করা হয়েছে সুইমিং পুল। প্রতিটি ফ্লোরে রয়েছে প্রায় ১০টি বড় আকারের কক্ষ, যেখানে অভ্যন্তরীণ সাজসজ্জায় রাখা হয়েছে সাবেকি আভিজাত্যের ছোঁয়া।
জানা গেছে, একটি ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল, অন্য একটি ফ্লোর পুরোপুরি সাজানো হয়েছে রাহার জন্য। আগামী দীপাবলিতেই রণবীর, আলিয়া এবং তাদের কন্যা রাহা নতুন এই বিলাসবহুল বাংলোতে গৃহপ্রবেশ করবেন।

















