যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিলো
যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র নাম তাদের সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিয়েছে। এই পদক্ষেপের আগে শিগগিরই শারা যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানানো হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ঘোষণায় বলা হয়েছে, সামনের দিনগুলোতে সিরিয়া ও শারা’র নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে।
আহমেদ আল শারা একসময় আলকায়দার নেতা ও সংগঠক ছিলেন। পরে তিনি আলকায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামের নতুন সশস্ত্র গোষ্ঠী গঠন করেন। ২০২৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে দামেস্ক দখল করেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল, যা ২০২৪ সালে বাশার আল আসাদের পতনের মাধ্যমে সমাপ্ত হয়। গৃহযুদ্ধের সময় আহমেদ আল শারা আলকায়দার সংগঠক হিসেবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত ছিলেন। সেই সময়ে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠকে ভোটের মাধ্যমে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
নিরাপত্তা পরিষদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পরেই আহমেদ আল শারা’র নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে মুছে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, “আসাদ পরিবারের হাতে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের শিকার হয়েছে সিরিয়া। বর্তমান নেতৃত্ব সেই দমন-পীড়ন থেকে সিরিয়াবাসীকে মুক্তি দিয়েছে। সিরিয়ার নেতৃত্বকে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”



















