যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চেষ্টা করছে
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি করতে কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে এ সংক্রান্ত আলোচনায় কিছু অগ্রগতি দেখা গেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যদি ইউক্রেন সত্যিই যুদ্ধ বন্ধ করতে চায়, তবে তাকে রাশিয়ার ‘দাবিকৃত’ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে। পুতিন বলেন, যদি চুক্তির মাধ্যমে ইউক্রেন এতে রাজি হয়, তা ভালো। অন্যথায় রাশিয়া শক্তি প্রয়োগ করে লক্ষ্য অর্জন করবে।
২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের পর রাশিয়া ২০২২ সালে পূর্ব ডনবাসের বেশিরভাগ অংশ দখল করে। এই এলাকায় দোনেস্ক ও লুহানস্ক অবস্থিত। রাশিয়ার প্রেসিডেন্ট চাইছেন, এই অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাবে।
তবে ইউক্রেন ঘোষণা করেছে, ডনবারের যে অংশ এখনো তাদের নিয়ন্ত্রণে আছে, সেগুলো তারা ছাড়বে না এবং এ নিয়ে কোনো আলোচনায় বসবে না। পুতিনের এই মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের চেষ্টাকে অপমান করেছেন পুতিন।”
পুতিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তান সফরে বলেন, ইউক্রেন শেষ সেনা পর্যন্ত রাশিয়ার সঙ্গে লড়াই চালাবে। তবে রাশিয়া এই পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি শান্তিচুক্তির খসড়া তৈরি করেছে এবং রাশিয়া ইতোমধ্যেই এটি পেয়েছে। তিনি বলেন, এই খসড়া চুক্তির ভিত্তি হতে পারে, তবে এতে থাকা নির্দিষ্ট ধারা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।


















