যুক্তরাষ্ট্রে হোটেল বুকিং ও শপিং সুবিধাসহ সুপার অ্যাপ হওয়ার পথে উবার
জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার এখন কেবল গাড়ি ডাকার অ্যাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের একটি পূর্ণাঙ্গ ‘সুপার অ্যাপ’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রে এই পরিকল্পনার অংশ হিসেবে অ্যাপটিতে হোটেল বুকিং, রেস্তোরাঁ রিজার্ভেশন এবং অনলাইন শপিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো যুক্ত করা হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত বার্ষিক ‘গো-গেট’ অনুষ্ঠানে এই নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে উবার ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে, যার ফলে ব্যবহারকারীরা বিশ্বের প্রায় সাত লাখ হোটেল বুক করার সুযোগ পাবেন। পাশাপাশি রেস্তোরাঁ বুকিংয়ের জন্য ‘ওপেন টেবিল’ এবং উবারের তালিকায় নেই এমন দোকান থেকে পণ্য কেনার জন্য ‘শপ ফর মি’ নামক বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। মূলত ব্যবহারকারীদের পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে একটি মাত্র প্ল্যাটফর্মের আওতায় আনাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
উবারের এই রূপান্তরের পেছনে অন্যতম শক্তি হিসেবে কাজ করছে তাদের সাবস্ক্রিপশন সেবা ‘উবার ওয়ান’, যার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৫ কোটি। বর্তমানে উবার ওয়ান সদস্যরা নির্দিষ্ট কিছু হোটেলে বিশেষ ছাড় ও ক্রেডিট সুবিধা পাচ্ছেন। উবারের প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা জানিয়েছেন, ভবিষ্যতে ফ্লাইট বুকিং বা আর্থিক সেবার মতো বিষয়গুলোও এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে।
বর্তমানে উবারের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৯ কোটি ৯০ লাখ, যা তাদের এই নতুন লক্ষ্য অর্জনে বড় সুবিধা দিচ্ছে। বিশেষ করে তাদের ডেলিভারি খাত বা ‘উবার ইটস’ বিভাগটি দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, যা গত বছরের তুলনায় ৩৪ শতাংশ আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তবে এয়ারবিএনবি বা ইলন মাস্কের ‘এক্স’ প্ল্যাটফর্মের মতো প্রতিদ্বন্দ্বীদের ভিড়ে উবার কতটা সফলভাবে নিজেদের সুপার অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।



















