বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৯:০৩

যুক্তরাষ্ট্রে মানুষের সঙ্গে মানবসদৃশ রোবটের ঐতিহাসিক মুষ্টিযুদ্ধ

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে মানুষের সঙ্গে মানবসদৃশ রোবটের ঐতিহাসিক মুষ্টিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে মানুষের সঙ্গে মানবসদৃশ রোবটের ঐতিহাসিক মুষ্টিযুদ্ধ

প্রথাগত মানুষ বনাম মানুষের লড়াইয়ের বদলে এবার এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলো বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো মানুষের সঙ্গে হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটের এক বিরল মুষ্টিযুদ্ধের আয়োজন করা হয়। রোবোটিক্স সংস্থা ‘আরইকে’ সম্প্রতি এই আশ্চর্য লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

এই ঐতিহাসিক বক্সিং ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ৬ ফুট উচ্চতার একটি হিউম্যানয়েড রোবট এবং ফ্র্যাঙ্কি লাপেনা নামের এক মার্কিন ইনফ্লুয়েন্সার। ভিডিওতে দেখা যায়, একটি ফাইটিং কেজের ভেতরে রিমোট-নিয়ন্ত্রিত রোবটটি লড়াইয়ের আগে রীতিমতো ওয়ার্ম-আপ করছে। লড়াই শুরু হলে লাপেনার ঘুষির জবাবে রোবটটি পাল্টা মারাত্মক আঘাত হানলে লাপেনা রিংয়ের অন্য প্রান্তে ছিটকে পড়েন।

আয়োজক সংস্থা ‘আরইকে’ সোশ্যাল মিডিয়ায় একে ‘মানুষ বনাম টার্মিনেটর’ ধাঁচের প্রথম ইতিহাস সৃষ্টিকারী লড়াই হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মূলত তাদের একটি ভার্চুয়াল রিয়্যালিটি কমব্যাট গেম তৈরির কাজের অংশ হিসেবে এই অভিনব আয়োজন করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে দূর থেকে মানুষ নিজেই হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ করে একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে পারবে।

বিজ্ঞান কল্পকাহিনীর মতো এই লড়াই দেখে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল ও মিশ্র প্রতিক্রিয়া। অনেকে প্রশ্ন তুলছেন, ভবিষ্যতে খেলাধুলার জগতে মানুষের প্রতিপক্ষ হিসেবে রোবটের নিয়মিত অংশগ্রহণ দেখা যাবে কি না। আবার কেউ কেউ একধাপ এগিয়ে দেখার অপেক্ষায় আছেন— কোনো পেশাদার পেশাদারি বক্সারের মুখোমুখি হলে এই মানবসদৃশ রোবট কতক্ষণ টিকে থাকতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি