যুক্তরাষ্ট্রে চীনের আরও কিছু প্রযুক্তিপণ্য আমদানির ওপর নতুন নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে চীনের আরও কিছু প্রযুক্তিপণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় চীনের কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রপাতি পড়েছে। এর মধ্যে রয়েছে হুয়াওয়ে, জেডটিই, হাইকভিশন, দাহুয়া ও হাইটেরার মতো নামকরা সব প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের তৈরি যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম দেশটির নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে ২০২২ সালে নতুন মডেলের কিছু চীনা প্রযুক্তিপণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল এফসিসি। এবার সেই নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করে পুরোনো মডেলের কিছু সরঞ্জামও এই তালিকায় যুক্ত করা হয়েছে। যেসব যন্ত্র সরকারি স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়, মূলত সেগুলোই এই তালিকায় রয়েছে।
এফসিসি জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে বর্তমানে থাকা পুরোনো চীনা প্রযুক্তিপণ্য ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, অর্থাৎ সেগুলো চালু রাখা যাবে। মূলত নতুন করে এসব পণ্য আমদানি বা অনুমোদনের সুযোগটিই সীমিত করা হচ্ছে।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের এই চাপ সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। এর আগে চীনের তৈরি নতুন মডেলের ড্রোন আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন এবং নতুন মডেলের রাউটার আমদানির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এই প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে এবং বিশ্বের দুই বড় অর্থনীতির এই লড়াই ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।



















