যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন মরদেহ হস্তান্তর সম্পন্ন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যে রাশিয়া কিয়েভকে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইউক্রেন মস্কোকে ১৯ জন রাশিয়ার সেনার মরদেহ প্রদান করেছে।
মঙ্গলবার এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ও মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত তিন মাস ধরে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ চলছে। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন মেডিনস্কি। সম্প্রতি সেই সংলাপে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেডিনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, সংলাপকে ভবিষ্যতে ‘ইস্তাম্বুল চুক্তি’-এ উন্নীত করা তাদের মূল লক্ষ্য। গত মে মাস থেকে শুরু হওয়া সংলাপে, ২ জুন প্রথমবার যুদ্ধে নিহত সেনাদের মরদেহ এবং জীবিত যুদ্ধবন্দির বিনিময় সম্পন্ন হয়। সেবার ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মরদেহ এবং ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি বিনিময় করা হয়েছিল। পরে জুলাই শেষে আরও ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দির বিনিময় হয়।
চলমান সংলাপের ধারাবাহিকতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বিষয়ে বৈঠক হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে।



















