যুক্তরাষ্ট্রের দীর্ঘ শাটডাউন শেষের পথে সিনেটরদের চুক্তি
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের সমাধান করতে সিনেটররা চুক্তিতে পৌঁছেছেন। ৪০ দিনব্যাপী এই শাটডাউনের অবসান ঘটাতে পারে এমন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন সিবিএস। তবে চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন।
রোববার রাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ভোটের। এই চুক্তি অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো পুনরায় চালু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে চুক্তি কার্যকর হওয়ার সময়কাল এবং টেকসই হওয়ার বিষয়ে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।
চুক্তির মাধ্যমে শাটডাউনের সময় ছাঁটাইয়ের নোটিশ পাওয়া কর্মীদের পুনঃপ্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হবে। এছাড়া ডেমোক্র্যাটদের দাবিকৃত স্বাস্থ্যবীমা ও ট্যাক্স ক্রেডিট বিষয়েও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। ভোট হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ। চুক্তিতে মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং, নিউ হ্যাম্পশায়ারের জীন সাহিন ও মেগি হাসান নেতৃত্ব দিচ্ছেন।
গত ৪০ দিন ধরে শাটডাউনের কারণে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করছে এবং লাখ লাখ আমেরিকান খাদ্য সহায়তা পেতে দেরি করছে। শাটডাউন কাটানোর জন্য মোট ভোটের প্রয়োজন ৬০টি। শেষ খবর অনুযায়ী, সিনেটে ৫৩-৪৭ ভোটে সমর্থন পাওয়া গেছে।
চুক্তি অনুমোদিত হলেও এটি কেবল প্রথম ধাপ। এরপর সেটি প্রতিনিধি পরিষদে ফেরত যাবে আরেক দফা ভোটের জন্য। চলমান অচলাবস্থা কাটাতে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হলে দেশটির সরকারি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারবে।


















