যুক্তরাষ্ট্রকে আইআরজিসির নতুন সামরিক সক্ষমতার প্রচ্ছন্ন হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক আক্রমণ চালালে ইরানের তৈরি আধুনিক অস্ত্র ও সামরিক সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছেন, মার্কিন আগ্রাসনের মুখোমুখি হলে তাদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ কৌশলে বড় ধরণের পরিবর্তন আনা হবে। এর অংশ হিসেবে যুদ্ধের ভৌগোলিক পরিধি বৃদ্ধির পাশাপাশি পূর্বে আঘাত হানা হয়নি এমন নতুন কিছু স্থানকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে চলমান যুদ্ধ ও রাজনৈতিক সমীকরণে যুক্তরাষ্ট্র এক অপমানজনক ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে। উদাহরণ হিসেবে তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ থাকার কথা উল্লেখ করেন। তার মতে, সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও মার্কিন প্রশাসন এই নৌপথ পুনরায় মুক্ত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, যা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও গোয়েন্দা কাঠামোর বড় ধরনের দুর্বলতা প্রকাশ করে।
পাশাপাশি, পারস্য উপসাগর এবং উত্তর ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলো এখন মার্কিন নিরাপত্তার বদলে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্যে দাবি করা হয়। মুখপাত্রের মতে, একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে এই অঞ্চলীয় ঘাঁটিগুলো এখন ইরানি বাহিনীর সম্পূর্ণ হাতের নাগালে রয়েছে।
এদিকে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা প্রশমন এবং স্থগিত কূটনৈতিক আলোচনা পুনরায় চালু করার লক্ষ্যে কাতার সক্রিয় মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে বলে আল জাজিরা সূত্রে নিশ্চিত হওয়া গেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে একাধিক প্রস্তাব আদান-প্রদান করা হচ্ছে।



















