যুক্তরাজ্যে সমকামী সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, প্রবাসী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন অনুমোদন করিয়ে দেওয়ার নাম করে এক অভিনব জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। আশ্রয়প্রার্থীদের ভুয়া সমকামী সাজিয়ে তাদের জন্য সাজানো নথি ও সম্পর্কের কাল্পনিক প্রমাণ তৈরি করে দিত এক সংঘবদ্ধ চক্র। এই প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে যুক্তরাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।
তদন্তকারীদের মতে, মূলত বাংলাদেশে ফিরে গেলে জীবননাশের ঝুঁকি রয়েছে—এমন মিথ্যা দাবি তৈরি করে বহু বাংলাদেশি পুরুষের ভুয়া অ্যাসাইলাম আবেদন তৈরিতে সরাসরি সহায়তা করত এই চক্রটি। এর বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে ১ হাজার থেকে সাড়ে ৪ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৩৩ হাজার টাকা) পর্যন্ত আদায় করা হতো। মঙ্গলবার ভোরের দিকে চালানো এই অভিযানে দুজনকে অভিবাসন সংক্রান্ত অপরাধের সন্দেহে এবং অপর একজনকে অবৈধভাবে অবস্থানের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, গহনা ও প্রচুর নগদ অর্থ জব্দ করা হয়।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চক্রের মাধ্যমে জমা পড়া ১০০টিরও বেশি আশ্রয়ের আবেদনের নথিপত্র বর্তমানে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত ‘আপনজন’ নামের একটি বাংলাদেশি এলজিবিটি সংগঠনের সঙ্গে এই প্রতারণার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে। সংগঠনটি থেকে আবেদনকারীদের সমকামী পরিচয়ের পক্ষে ভুয়া চিঠি ইস্যু করা হতো। পাশাপাশি তাদের সমকামিতায় যুক্ত প্রমাণ করতে কৃত্রিম ছবি ও ভুয়া যৌন সম্পর্কের গল্প তৈরি করে দেওয়া হতো।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে আইনজীবী ও পরামর্শদাতাদের জড়িত থাকার এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রতিবেদনে তানিসা খান নামে এক পরামর্শদাতার কথা উল্লেখ করা হয়, যিনি গোপন ক্যামেরায় আশ্রয়ের জন্য একটি ‘সম্পূর্ণ প্যাকেজ’ দেওয়ার প্রস্তাব করেছিলেন। যুক্তরাজ্যে প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অ্যাসাইলাম আবেদনে এমন জালিয়াতি বা প্রতারণার অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।



















