যুক্তরাজ্যে লেবার সরকার শাসনকালে ইংলিশ চ্যানেল পথে ৫০ হাজারের বেশি অভিবাসী প্রবেশ
২০২৪ সালের জুলাই মাসে লেবার পার্টির নেতৃত্বে প্রধানমন্ত্রী কেইর স্টারমার ক্ষমতায় আসার পর থেকে মাত্র ১৩ মাসে ইংলিশ চ্যানেল সাগর পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ৫০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। গত সোমবারই আটটি ইঞ্জিনচালিত নৌকায় ৪৭৪ জন প্রবেশ করেছেন, যা একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সরকারি মুখপাত্র জানিয়েছেন, ইংলিশ চ্যানেল রুটে অভিবাসীদের আগমন বন্ধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য দুটি — মানব পাচারকারী গ্যাংগুলোকে আইনের আওতায় আনা এবং ছোট ইঞ্জিনচালিত নৌকাগুলোর চলাচল বন্ধ করা। এই পথ অবৈধভাবে পারাপারের সময় মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকে বলে তারা উল্লেখ করেছেন।
বিরোধী দল লেবার সরকারের অভিবাসন নীতির সমালোচনা
বিরোধী কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস ফিলিপ লেবার সরকারের নীতিকে সমালোচনা করে বলেছেন, অভিবাসন নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা নেই এবং এজন্য কনজারভেটিভ পার্টির সরকার প্রয়োজন।
উল্লেখ্য, ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর যা ফ্রান্স ও যুক্তরাজ্যকে পৃথক করে এবং এটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার। ফ্রান্সে এটি লা মঁশ নামে পরিচিত।
সূত্র: আনাদোলু এজেন্সি

















