মেটা কানেক্ট ২০২৫: স্মার্ট গ্লাস ও এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত
সিলিকন ভ্যালির সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজনের মধ্যে একটি ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হচ্ছে বুধবার। মেটার মেনলো পার্ক প্রধান কার্যালয়ে বসতে যাওয়া এ আয়োজনের মূল আকর্ষণ হতে পারে কোম্পানির নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।
মেটা ইতিমধ্যেই রেও-ব্যান ও ওকলের সঙ্গে যৌথভাবে তৈরি এআই–চালিত স্মার্ট গ্লাস বাজারে এনেছে, যা ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট আলোড়ন তুলেছে। এবারে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ‘হাইপারনোভা’ নামে নতুন ধরনের স্মার্ট গ্লাস আসতে পারে। এতে ডান লেন্সে হেডস-আপ ডিসপ্লে, ক্যামেরা, মাইক্রোফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী থাকবে।
ওকলের নতুন স্পেয়ারা স্টাইল মডেলও আলোচনায় রয়েছে। এর বড় ইউনিফাইড লেন্স বিশেষভাবে দৌড়বিদ বা বাইকারদের জন্য উপযোগী। আগের মডেলগুলোর তুলনায় নতুন ডিজাইন আরও স্পোর্টি এবং ক্যামেরা বসানো হয়েছে নাকের ঠিক উপরে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করবে।
এই মঞ্চে আরেকটি বড় আলোচনার বিষয় হতে পারে মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস। সাবেক স্কেল এআই প্রধান আলেকজান্ডার ওয়াংকে নেতৃত্বে রেখে এই ল্যাব প্রতিষ্ঠা করেছে মেটা। এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করা। মেটার প্রধান বিজ্ঞানী মাইকেল অ্যাব্রাশ এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিউকম্ব বৃহস্পতিবার এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
যদিও ‘মেটা কানেক্ট’ নাম শুনলেই মেটাভার্সের কথা মনে আসে, এবারের আয়োজন মূলত এআই ও ওয়্যারেবল প্রযুক্তির ওপর বেশি জোর দেবে। তবে সিইও মার্ক জাকারবার্গ তার মূল বক্তব্যে মেটাভার্সের প্রসঙ্গ তুলে ধরবেন বলেই আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল বক্তব্য। এটি মেটার ওয়েবসাইট থেকে বিনামূল্যে সরাসরি দেখা যাবে। এছাড়া মেটা কুয়েস্ট হেডসেট ব্যবহারকারীরাও ভার্চুয়াল রিয়েলিটিতে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ডেভেলপারদের জন্য আলাদা সেশনও থাকছে, যেখানে নতুন এআই–চালিত অভিজ্ঞতা তৈরির দিকনির্দেশনা দেওয়া হবে।
মেটা ইতিমধ্যেই লক্ষ লক্ষ স্মার্ট গ্লাস বিক্রি করেছে। এবারের ‘হাইপারনোভা’ বা নতুন ওকলি মডেলের সফল হলে প্রযুক্তি জগতে নতুন ধরনের ‘চোখের বিপ্লব’ ঘটতে পারে। এতে মেটা প্রমাণ করবে, ভবিষ্যতের প্রযুক্তি আমাদের চোখের মাধ্যমে নতুন অভিজ্ঞতা সৃষ্টি করতে সক্ষম।



















