মেটার নতুন রে-বেন ডিসপ্লে স্মার্ট চশমা বাজারে
প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় এসেছে মেটার নতুন রে-বেন ডিসপ্লে স্মার্ট চশমা। রে-বেন ব্র্যান্ডের এই চশমায় যুক্ত হয়েছে এআর ডিসপ্লে, এআই সহায়ক প্রযুক্তি, হাতের ইশারা নিয়ন্ত্রণসহ আধুনিক সব ফিচার। ডান লেন্সে থাকা ছোট্ট এআর ডিসপ্লেতে ব্যবহারকারীরা নোটিফিকেশন, ম্যাপ নেভিগেশন, ইনস্ট্যান্ট চ্যাট ও কল এবং লাইভ ট্রান্সলেশন সুবিধা পাবেন।
হাতের ইশারায় নিয়ন্ত্রণযোগ্য এই চশমা মেটা এআই সহায়কের মাধ্যমে ভয়েস ও ভিজ্যুয়াল ইনপুটে কাজ করবে। এতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো জনপ্রিয় অ্যাপ ব্যবহার করা যাবে। কথোপকথন রিয়েল-টাইমে অনুবাদ হয়ে সাবটাইটেল আকারে দেখা যাবে। ব্যাটারি লাইফ এক চার্জে প্রায় ৬ ঘণ্টা, তবে রিস্টব্যান্ডের ব্যাটারিতে আরও বেশি সময় ব্যবহার সম্ভব।
চশমাটি ক্লাসিক ওয়েফেরার ডিজাইনে তৈরি হওয়ায় বাইরে থেকে দেখতে সাধারণ চশমার মতোই মনে হবে। এতে ওয়াটার-রেসিস্টেন্স সুবিধা রয়েছে। ক্যামেরা চালু আছে কি না বোঝাতে বাহ্যিক এলইডি ইন্ডিকেটর দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাতের ইশারায় নিয়ন্ত্রণ, যা ফোন স্পর্শ না করেই কাজ করার সুযোগ দেবে।
মেটার দাবি, এই ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্সে পৌঁছে দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা আরও বুদ্ধিমানভাবে কাজ করতে পারবেন, স্মৃতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে এবং চারপাশের তথ্য দ্রুত ধরতে পারবেন।
চশমাটিতে ব্যবহারকারীরা বেশ কিছু সুবিধা পাবেন— ফোন নির্ভরতা কমানো, বহুমুখী যোগাযোগ ও তথ্য গ্রহণ, সক্রিয় জীবনধারায় কার্যকারিতা, রে-বেনের গ্রহণযোগ্য স্টাইল এবং ক্যামেরা চালুর ইঙ্গিত দেওয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা।
এর দাম ধরা হয়েছে ৭৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৭ হাজার ৩৫৫ টাকা। তবে আমদানি খরচ ও ট্যাক্স যোগ হলে এ দেশে দাম আরও বেশি হতে পারে। স্মার্টফোনের পূর্ণ বিকল্প না হলেও এটি এক শক্তিশালী সহায়ক ডিভাইস হিসেবে কাজ করবে। ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে এমন স্মার্ট চশমা অনেকাংশে স্মার্টফোনের বিকল্প হয়ে উঠতে পারে।



















