মেঘনার বুকে থমকে গেছে বাঙালপাড়া চাতলপাড় সেতুর কাজ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মেঘনা নদীর ওপর নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত ‘বাঙালপাড়া-চাতলপাড় সেতু’-এর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। প্রায় ১৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এক কিলোমিটার দীর্ঘ এই সেতুটির একটি বড় অংশ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন হাওড়াঞ্চলের বিপুলসংখ্যক মানুষ।
অষ্টগ্রামের বাঙালপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় পর্যন্ত সংযোগকারী এই সেতুর কাজ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থমকে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার আত্মগোপনে চলে যাওয়ার পর তারা সব যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী গুটিয়ে সাইট ত্যাগ করে। বর্তমানে নদীর বুকে কেবল কয়েকটি অসম্পূর্ণ পিলার দাঁড়িয়ে রয়েছে। ফলে বর্ষায় উত্তাল মেঘনা পাড়ি দিতে ট্রলার বা নৌকাই স্থানীয়দের একমাত্র ভরসা।
সেতুটির কাজ সম্পন্ন হলে এলাকার কৃষিপণ্য সহজে সারা দেশে পৌঁছানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ব্যাপক উন্নতি ঘটত বলে জানান স্থানীয়রা। বর্তমানে জেলা সদর ও রাজধানীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের স্বপ্ন অধরাই রয়ে গেছে।
উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, চুক্তি ভঙ্গ করে কাজ ফেলে চলে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতোমধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য নতুন করে দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। সব আইনি ও প্রশাসনিক অনুমোদন শেষে খুব দ্রুতই পুনরায় সেতুর কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


















