বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:৩৯

মেক্সিকান টমেটোর ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৬, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
মেক্সিকান টমেটোর ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

মেক্সিকান টমেটোর ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার তাদের বাজারে আমদানি হওয়া মেক্সিকান টমেটোর ওপর ১৭ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের টমেটোভিত্তিক পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে থাকা একটি দীর্ঘদিনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি থেকে সরে এসে ট্রাম্প প্রশাসন এই নতুন শুল্ক কার্যকর করেছে। প্রশাসনের দাবি, আগের চুক্তি মার্কিন কৃষকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং মেক্সিকো কম দামে টমেটো রপ্তানি করে মার্কিন টমেটো চাষিদের ক্ষতিগ্রস্ত করছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, “টমেটোর মতো পণ্যে অন্যায্য বাণিজ্যের কারণে আমাদের কৃষকরা অনেক দিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

মেক্সিকো এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের টমেটোর জনপ্রিয়তার পেছনে রয়েছে মান ও স্বাদ, কম দাম নয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের পিজ্জার দোকান, সুপারমার্কেট এবং মেক্সিকান রেস্তোরাঁগুলোতে টমেটোভিত্তিক পণ্যের দাম বাড়তে পারে।

ফ্লোরিডা টমেটো এক্সচেঞ্জ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত টমেটোর ৭০ শতাংশই আসে মেক্সিকো থেকে। মেক্সিকো সরকার জানিয়েছে, তারা নতুন চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এবং টমেটোর বিকল্প বাজার খুঁজে বের করতেও কাজ করছে।

১৯৯৬ সাল থেকেই মার্কিন চাষিরা অভিযোগ করে আসছেন যে, মেক্সিকান টমেটো রপ্তানির কারণে স্থানীয় বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে সময় যুক্তরাষ্ট্র অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করে এবং পরে পাঁচটি চুক্তি হয়, যার সর্বশেষটি ছিল ২০১৯ সালে। সেখান থেকেই এবার যুক্তরাষ্ট্র সরে এসেছে।

এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মাদক পাচার রোধে পদক্ষেপ না নিলে ১ আগস্ট থেকে মেক্সিকোর সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ব্রাজিল, চীন ও ইউরোপীয় ইউনিয়নের দিকেও একই ধরনের শুল্ক হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি