মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার ও শিক্ষার্থীদের সম্মাননা
যুক্তরাষ্ট্রের মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক বর্ণাঢ্য ফ্যামিলি ডিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত গোয়াইনঘাট প্রবাসী পরিবারের বিভিন্ন স্তরের ৩৮ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে স্কুল ও কলেজ গ্র্যাজুয়েট সম্পন্ন করা ১৪ জন শিক্ষার্থী রয়েছেন। বিশেষ কৃতিত্বের জন্য হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া নাদিয়া ইসলাম মিম এবং ডাক্তারি পেশায় পদার্পণ করা ডা. নুসরাত জাহান জেসিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিক উদ্দিন ও যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফিটজারল্যান্ড স্কুল বোর্ডের ট্রাস্টি হাজা শাহাব আহমেদসহ স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



















