মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর দাফন সম্পন্ন
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সবশেষ জানাজা শেষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফনের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
কবির মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নেওয়া হলে সেখানে সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
কবি আল মুজাহিদী ১৯৪৩ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি টানা তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ লাভ করেন এবং তার রচিত অর্ধশতাধিক গ্রন্থের মধ্যে ২০টিরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কবির এই প্রয়াণে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।



















