মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রূপনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. নাসির উদ্দিন অভিযোগ করেন যে বিএনপির স্থানীয় সন্ত্রাসীরা জামায়াতের ওপর হামলা চালিয়ে এলাকা অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। তিনি নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন যে হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের কোনো কর্মীকে নিষ্ক্রিয় করা যাবে না। রূপনগর থানা আমির আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় কাউন্সিলর প্রার্থী ও অন্যান্য থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্রমতে, গত শুক্রবার বিকেলে রূপনগর এলাকায় ওই হামলায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন বলেন, কর্মসূচির বিষয়ে আগে থেকেই পুলিশকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হলেও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি। তিনি এই ঘটনার সম্পূর্ণ দায় রূপনগর থানা পুলিশের ওপর চাপিয়েছেন এবং হামলাকারী হিসেবে বিএনপি, ছাত্রদল, কৃষকদল ও যুবদলের স্থানীয় কয়েকশ নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন।
এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং রাজনৈতিক সহমর্মিতা বজায় রেখে আইন ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


















