মিয়ানমারে সামরিক সরকারের নির্বাচনের তফসিল ঘোষণা, কিছু আসনে ভোটগ্রহণ বাতিল
মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকার জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। জান্তার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর দেশব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ইউনিয়ন ইলেকশন কমিশন-ইউইসি) জানিয়েছে, এই নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের পিথু লুত্তাও-এর ৫৬টি আসন, নিম্নকক্ষ অ্যামিওথা লুত্তাও-এর ৯টি আসন এবং প্রাদেশিক আইনসভা স্টেট লুত্তাও-এর ৫৬টি আসনে ভোটগ্রহণ হবে না। অর্থাৎ মোট ১২১টি আসনে ভোট হবে না।
ইউইসি জানিয়েছে, এসব নির্বাচনী এলাকা বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের জন্য এবং অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ত নয়। এ কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এ তথ্য অনুযায়ী, মোট আসনের প্রায় ১৫ শতাংশ এলাকায় ভোট অনুষ্ঠিত হবে না। উল্লেখ্য, ১২১টি আসন সবই জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণাধীন এলাকা।
প্রসঙ্গত, ২০২০ সালের জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশীয় ক্ষমতা দখল করে। সেই সময় গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির হাজার হাজার নেতা-কর্মী। তারা এখনও কারাগারে আছেন।
মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে গঠিত সামরিক সরকারের প্রধান হন। অভ্যুত্থানের ছয় মাসের মধ্যে দেশটির জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন গ্রাম, শহর ও প্রদেশে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করে। বর্তমানে মিয়ানমারের মোট ভূখণ্ডের প্রায় ৩৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে এই সশস্ত্র গোষ্ঠীগুলো।
সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি।



















