মিত্রদের কাছ থেকে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইউক্রেনের
মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা প্রদানে অপরাগতা প্রকাশের পর মিত্র দেশগুলোর কাছ থেকে প্রায় ১ হাজার প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ শুরু করেছে কিয়েভ এবং এই কেনাকাটায় প্রয়োজনীয় অর্থায়নের জন্য ঋণ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গতকাল মঙ্গলবার এক বৈঠক শেষে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খেমারা জানান, ইইউ-এর সঙ্গে হওয়া চুক্তির আওতায় এই ঋণ পাওয়া যাচ্ছে। এর বিনিময়ে ইউক্রেন ইইউ-এর ক্ষেপণাস্ত্রের মান উন্নয়নে কাজ করবে এবং প্রাপ্ত ঋণের একটি অংশ ড্রোন সরবরাহ খাতের ঘাটতি মেটাতে ব্যবহার করবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ বা ইউক্রেনের অভ্যন্তরে তা তৈরির অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার পর থেকেই কিয়েভ তীব্র ক্ষেপণাস্ত্র সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।
রাশিয়ার সঙ্গে দীর্ঘ ১,২০০ কিলোমিটার সীমানাজুড়ে চলমান তীব্র লড়াইয়ে টিকে থাকতে এবং আকাশসীমা রক্ষায় মিত্রদের সহায়তার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। কিয়েভের এই নতুন পদক্ষেপকে দীর্ঘমেয়াদী আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।



















